capture_113727
ঢাকা ২২ মে : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আলোচিত সংসদ সদস্য সেলিম ওসমান লজ্জা থাকলে সংসদের অধিবেশনে আসবেন না বলে মন্তব্য করেছেন ।

আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষা শ্যামল কান্তি ভক্তকে দেখতে এসে নাসিম এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাদের (যারা ঘটিয়েছে) প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।

তিনি বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি মনে করি সংসদ সদস্যের ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের ঘটনার মাধ্যমে তিনি সব সংসদ সদস্যকে অপমান করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি ( সেলিম ওসমান) জাতীয় পার্টির সংসদ সদস্য। জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার।

চিকিৎসাধীন শিক্ষককে হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা মানবতার শত্রু। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই শিক্ষকের নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর।

শিক্ষকের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, উনি শারীরিকভাবে সুস্থ আছেন। উনার অনেকগুলো পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। তবে লাঞ্ছনার শিকার হওয়া একজন শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা উনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। উনি যতদিন চান এখানে চিকিৎসা নিতে পারেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031