পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে আজ সড়ক পথে লাহোর ফেরার ঘোষণা দিয়েছেন । লাহোরে বোমা হামলার পর সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ অবস্থায় সড়কপথে লাহোর যাওয়ার বিরুদ্ধে নওয়াজকে সতর্ক করেছেন তার ছোটভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। কিন্তু তিনি কোনো কথায় কান দেবেন না। জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো না। কারণ, বাড়ি ফেরার সকল অধিকার আমার আছে। ওদিকে মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন একটি নোটিশ ইস্যু করেছে। তাতে বলা হয়েছে, ২০০২ সালের পলিটিক্যাল পার্টিস অর্ডারের অধীনে অযোগ্য ঘোষিত কোনো এমপি কোনো রাজনৈতিক দলের কোনো পদ ব্যবহার করতে পারেন না। তাই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান হিসেবে পদ ধরে রাখতে পারবেন না নওয়াজ শরীফ। তাকে পদ ছাড়তে হবে। এর প্রেক্ষিতে পিএমএলএনের সিনিয়র নেতা রাজা জাফরুল হক মঙ্গলবার বলেছেন, নির্বাচন কমিশনের এমন নোটিশের প্রেক্ষিতে দলের সভাপতি পদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে দু’এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওদিকে আজ সড়কপথে লাহোর যাত্রা করার আগেই মঙ্গলবার স্ত্রী কুলসুম ও মেয়ে মরিয়ম নওয়াজকে লাহোরে পাঠিয়ে দিয়েছেন নওয়াজ শরীফ। আর আজ ঐতিহাসিক গ্রান্ড ট্রাংক রোড ধরে তার ইসলামাবাদ ছেড়ে লাহোরের উদ্দেশে যাত্রা করার কথা। তিনি সাংবাদিকদের বলেছেন, কখনো তিনি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন নি। তাকে অযোগ্য ঘোষণার রিভিউ আবেদন করে শিগগিরই সুপ্রিম কোর্টে আবেদন করবেন। তিনি বলেছেন, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে দেশে ক্ষমতায় এসেছেন ১৮ জন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের কেউই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেন নি। তবে মাত্র তিনজন স্বৈরশাসক কয়েক দশক দেশ শাসন করেছে। বার বার সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। প্রতিবারই সামরিক শাসনকে বিচার বিভাগ শুধু বৈধতাই দেয় নি, পাশাপাশি তারা সংবিধান সংশোধনের অধিকার দিয়েছে স্বৈরশাসকদের। নওয়াজ শরীফ বলেন, এভাবে দেশ চলতে পারে না।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031