সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে । এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

রবিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাহুল, আবদুল্লাহ আল মাসুদ, জসিম, রিয়া আক্তার, মারিয়া, মাজেদা খাতুন। বাকিদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় আসতেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী অপর অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ওই অজ্ঞাত নারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নারীর মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত দুই অটোরিকশাও পুলিশ উদ্ধার করেছে।

অপরদিকে জেলার নান্দাইলে ইজিবাইকচাপায় আফরোজা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নান্দাইল-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবুল ইসলামের মেয়ে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930