কমপক্ষে ৪৫০ জন বেসামরিক নাগরিক ইয়েমেনে গত মাসে সংঘাতের কারণে নিহত হয়েছে । আর দেশটিতে এক মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯৩৭টি। জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন এসএএম অর্গানাইজেশন ফর রাইটস অ্যান্ড লিবার্টিজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইয়েমেনে শারীরিক নির্যাতন, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদেরকে নির্বিচারে বন্দি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মূলত হুতি মিলিশিয়া,  সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও সরকার নিয়ন্ত্রিত বাহিনীর হামলা দেশটিতে মানবাধিকারের বিপর্যয়ের প্রধান কারণ।

 প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কারণে ২৭৯ জন ও ইরানের মদতপুষ্ট হুতি মিলিশিয়াদের হামলায় ১২১ জন বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। সংস্থাটি বেসামরিক ইয়েমেনিদের ওপর হামলা বন্ধ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ইয়েমেনে হামলা চালানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, সংঘাতের ফলে সৃষ্ট কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ২ হাজার মানুষ। আর প্রাণ বাঁচাতে ইয়েমেন ছেড়েছে প্রায় ২০ লাখ মানুষ।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031