জাতিসংঘ বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সজাগ দৃষ্টি রাখছে। অভিযান পরিচালনায় কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্যও সরকারকে জোর তাগিদ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীণের ঘটনায় আগের উদ্বেগ আবারও তুলে ধরেছে জাতিসংঘ। শুক্রবার সদর দপ্তরের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ নিয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক। প্রশ্নোত্তরপর্বের সূচনাতে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। আগের দিনের (বৃহস্পতিবার) ব্রিফ্রিংয়ে বাংলাদেশের বিষয়ে করা প্রশ্নের আপডেট জানানোর কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
তিনি বলেন, সদস্য দেশগুলোকে ড্রাগ কন্ট্রোল কনভেনশনের ৩টি সুনির্দিষ্ট নীতি মেনে চলতে হবে। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনগুলোতে বিশেষ সেশনগুলোতে মাদক দমনের ক্ষেত্রে যে বিধিগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে তা মেনে চলা জরুরি। বিচার ও অভিযানের স্বচ্ছতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইউএনওডিসি এ ক্ষেত্রে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ন্যায়বিচার নিশ্চিত, স্বচ্ছতা বজায় ও আন্তর্জাতিক মানদণ্ডে বিচার পরিচালনা করবে সেসব দেশের পাশে থাকবে। যারা মাদকের অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রমাণসাপেক্ষ সুষ্ঠু বিচার, স্বাভাবিক পথে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
