জাতিসংঘ বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সজাগ   দৃষ্টি রাখছে। অভিযান পরিচালনায় কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্যও সরকারকে জোর তাগিদ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীণের ঘটনায় আগের উদ্বেগ আবারও তুলে ধরেছে জাতিসংঘ। শুক্রবার সদর দপ্তরের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ নিয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক। প্রশ্নোত্তরপর্বের সূচনাতে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। আগের দিনের (বৃহস্পতিবার) ব্রিফ্রিংয়ে বাংলাদেশের বিষয়ে করা প্রশ্নের আপডেট জানানোর কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রশ্ন কর্তা বলেন, বাংলাদেশে চলমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে বৃহস্পতিবারের ব্রিফ্রিংয়ে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বাংলাদেশে চলমান অভিযানে মাদক দমনের নামে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে ১৬ দিনে ১২৫ জন লোক প্রাণ হারিয়েছে। এ বিষয়টি নিয়ে ছিল গতকাল আমার প্রথম প্রশ্ন আর মুখপাত্র বিষয়টি নিয়ে আজ আপডেট জানাবেন বলে উল্লেখ করেছিলেন। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল তা হলো- প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অমানবিক অবস্থায় আটক রয়েছেন। যেখানে আটকে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎবিহীন থাকতে হয়, তাকে যে খাবারটুকুও দেয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। যদিও তিনি বিতর্কিত এই মামলাটিতে জামিন পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সরকার তাকে মুক্তি দেয়নি। বরং আরো ৩টি মামলা দিয়ে আটকে রেখেছে। এই দুটি বিষয়ে আপনার বক্তব্য কী? বিএনপি চেয়ারপারসনের ব্যাপারে জাতিসংঘ আগের অবস্থানে রয়েছে- এমন ইঙ্গিত করে মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সে বিষয়টিতে আমরা ইতিমধ্যে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। এ (মামলার) প্রক্রিয়াটি নিয়ে অতীতে যে প্রতিক্রিয়া জানিয়েছি তার বাইরে নতুন কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশে মাদক দমনে সম্প্রতি যে অভিযান চলছে সে দিকে জাতিসংঘ সজাগ দৃষ্টি রেখেছে উল্লেখ করে ফারহান বলেন, বাংলাদেশে চলমান মাদক অভিযানের বিষয়ে সজাগ রয়েছে জাতিসংঘের ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। অভিযানে মানবাধিকার যেন লঙ্ঘন না হয় সে আহ্বান জানিয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান বলেন, ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)’র আওতাভুক্ত সব সদস্যদেশগুলোর উচিত মাদক দমন করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির দিকে খেয়াল রাখা, মানবাধিকার সমুন্নত রাখা।

তিনি বলেন, সদস্য দেশগুলোকে ড্রাগ কন্ট্রোল কনভেনশনের ৩টি সুনির্দিষ্ট নীতি মেনে চলতে হবে। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনগুলোতে বিশেষ সেশনগুলোতে মাদক দমনের ক্ষেত্রে যে বিধিগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে তা মেনে চলা জরুরি। বিচার ও অভিযানের স্বচ্ছতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইউএনওডিসি এ ক্ষেত্রে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ন্যায়বিচার নিশ্চিত, স্বচ্ছতা বজায় ও আন্তর্জাতিক মানদণ্ডে বিচার পরিচালনা করবে সেসব দেশের পাশে থাকবে। যারা মাদকের অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রমাণসাপেক্ষ সুষ্ঠু বিচার, স্বাভাবিক পথে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031